যুক্তরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথী যুবক মাছুমের


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন /
যুক্তরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথী যুবক মাছুমের

দুর্বৃত্তদের গুলিতে যুক্তরাজ্যের লন্ডন এলাকায় প্রাণ হারিয়েছেন মাছুম আহমদ (৪০) নামের বাংলাদেশী যুবক। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে ইষ্ট লন্ডন এলাকায় এঘটনা ঘটে। নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর পুত্র। এদিকে মাছুমের মৃত্যুতে নিহতের দেশের বাড়িতে চলছে শোকের মাতন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কি কারণে ঘটনা সংগঠিত হয়েছে তারা জানেন না, এমনকি সেখানকার পুলিশ সদস্যরাও মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এব্যাপারে তাদেরকে কিছু বলেনি। এক কন্যা সন্তানের পিতা ও দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো মাছুম আহমদ ছোট বেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করে আসছেন, তবে তিনি বেশ কয়েকবার দেশেও এসেছেন। এমনকি নিহতের পিতা আমির আলী ছাড়া তার (মাছুম) দুই ভাই ও দুই বোনও স্ব-পারিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।

এব্যাপারে নিহত মাছুম আহমদের ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া বলেন, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ বাসার দরজায় নক করে সেখানকার পুলিশ। আর দরজা খুলে দিতেই পুলিশ তাকে বলে, এটা কি মাছুম আহমদের বাসা। তিনি পুলিশকে হ্যাঁ উত্তরের সাথে সাথেই তাদেরকে (পুলিশ) মাছুমের ছবি দেখাতে বলে। এসময় তিনি (মানিক) পুলিশকে তার (মাছুম) ছবি দেখালে পুলিশ পরিবাশ তাদের জানায় মাছুম গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে। কিন্তু কি কারণে, কে বা কাহারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে এব্যাপারে কিছু বলেনি পুলিশ। তবে ভাইয়ের লাশটি সেখানকার পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতের পিতা আমির আলী বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যে থেকে আমার ছোট ছেলে মারুফ আহমদ জানায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ গুলিতে নিহত হয়েছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তার কারণ এখনও (মঙ্গলবার বিকেল ৫টা) পর্যন্ত জানতে পারিনি।