বিশ্বনাথে এসএসসির ফলাফলে তৃতীয়স্থান অর্জন করে শাহপিন উচ্চ বিদ্যালয়


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন /
বিশ্বনাথে এসএসসির ফলাফলে তৃতীয়স্থান অর্জন করে শাহপিন উচ্চ বিদ্যালয়

সিলেটের বিশ্বনাথে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে শাহপিন উচ্চ বিদ্যালয় ভোগশাইল । বিদ্যালয়টির এমন সাফল্যে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবী, সংগঠকসহ এলাকাবাসী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় শাহপিন উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৭২ শতাংশ।

ফলাফলে বিশ্বনাথ উপজেলায় পাসের হারে প্রথম হয়েছে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা হযরত উমর ফারুক (রাঃ) উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮১ শতাংশ।

শাহপিন উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের কঠোর পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ ফলাফল বিদ্যালয়ের পাশাপাশি পুরো এলাকার সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে।

এদিকে বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার সুহেব মিয়া বলেন, শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে শাহপিন উচ্চ বিদ্যালয় আগামী দিনে আরও বড় অর্জন করবে। পাশাপাশি বিদ্যালয়টি জ্ঞানের আলোকবর্তিকা হয়ে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে শাহপিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ পৌরসভার ভোগশাইল গ্রামের সংগঠক সুহেল আহমদ, হাফিজ ফুলকাছ আলী, খালেদুর রহমান, মাহবুব হোসেন, সুহেব মিয়া, সাহাব উদ্দিন বাবলু, রুপন মিয়া, আক্তার মিয়া, শেরওয়ান মিয়া, শেখ এমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন এবং শাহপিন উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।