
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অবস্থিত ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবকে সভাপতি, সুব্রত ধর বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং বিমল দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেব সভা পরিচালনা করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দেব, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশিকান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রূপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য (সমর), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব এবং জগন্নাথপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতেশ গোস্বামী।
প্রথম অধিবেশনের আলোচনা শেষে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রণজিৎ চন্দ্র ধর (রণ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব পুনরায় সভাপতি এবং সুব্রত ধর বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় সাত সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে বিমল দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ শিগগিরই ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :