
সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রাহ্মমুহূর্তে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চনার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের উদ্যোগে এবং বিশ্বরূপ মডেল মন্দিরের সভাপতি অরুন চন্দ্র নাথ ও মহাসচিব অজয় কান্তি দে’র নেতৃত্বে টানা পঞ্চমবারের মতো এই মহোৎসবের আয়োজন করা হয়। বিকেলে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রার রথ নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে রথযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।
এছাড়াও উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ার উদ্দ্যেগে, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে শ্রীশ্রী নরশিংহ লাল জিউর আখড়ার উদ্দ্যেগে এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে রথ বাড়ির উদ্দ্যেগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
রথযাত্রার রথ পরিক্রমায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশিকান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেব-সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকরাও সার্বিক দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :