
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকবে। প্রধানমন্ত্রীর অনুদান আজ বিতরণ করা হচ্ছে, ভবিষ্যতেও অনুদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
বুধবার (১ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলেই দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে। আগামী দিনে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ চলছে। সরকার গঠনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ঘোষিত বেশ কয়েকটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং বাকি প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এরমান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, যুবদল নেতা জাহাঙ্গীর, দিলোয়ার হোসেন সজিব, সৌরভ আহমদ লাকি, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাস সাজু, কৃষকদর নেতা আবদুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমূখ।
আপনার মতামত লিখুন :