
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় বহুল আলোচিত দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যাকারী জুনেল মিয়ার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, সচেতন যুবসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ এলাকাবাসী।
সোমবার (২৩ জুন) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সচেতন যুবসমাজ।
মিছিলটি প্রথমে মৌলভীবাজার চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টের দিকে যায়। সেখানে আদালতের সামনে ঘাতক জুনেলের ফাঁসির দাবিতে প্রায় ৩০ মিনিট স্লোগান দিয়ে তারা ফের মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ করে।
মানববন্ধন ও বিক্ষোভে শ্রীপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, যুবসমাজ, এলাকার লোকজন ও শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মৌলভীবাজারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতারা অংশগ্রহণ করেন।
এদিকে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। যার অনুলিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মৌলভীবাজার, ওসি কুলাউড়া থানায় দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থী আনজুম হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে এনে বিচারকার্য করে আসামি জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
অন্যথায় আরো কঠোর আন্দোলন করা হবে।
তারা বলেন, আসামি জুনেল পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করলেও বিজ্ঞ আদালতে স্বীকার করেনি। আমরা ধারণা করছি, এই নৃশংস হত্যাকাণ্ডটি কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তা নাহলে আসামি কেন আদালতে স্বীকারোক্তি দেয়নি।
মামলার আগামী তারিখে আসামি জুনেলের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে দাবি জানান বক্তারা।
এদিকে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থী আনজুম হত্যার বিচার হবে। এই মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব আমি নিলাম। এই মামলায় কোনো প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। হত্যাকারী জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :