
সিলেটের বিশ্বনাথ গোয়ালঘরের তালা কেটে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া (দক্ষিণ নোয়াগাও) গ্রামের এক অসহায় বাক প্রতিবন্ধি কৃষক আব্দুল মতিনের শেষ সম্বল ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল মতিনের চুরি হওয়া ৪টি গরুর মধ্যে রয়েছে ১টি লাল রংয়ের গাভী, ১টি নেরা লাল রংয়ের ষাঁড়, ১টি সাদা রংয়ের ষাড় ও ১টি লাল রংয়ের গাভী বাছুর। ওই ৪টি গরুর মধ্যে ২টি গরু তিনি বেশ কিছু দিন ধরে অন্য এক ব্যক্তির কাছ থেকে বর্গা (বাগী) হিসেবে এনে লালন-পালন করছেন।
এব্যাপারে বাক প্রতিবন্ধি কৃষক আব্দুল মতিন জানান, প্রতিদিনের ন্যায় তিনি গরু চুরি হওয়ার রাতে গোয়ালঘর তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের তালা কাটা ও গরুগুলো ঘরে নেই। এই ৪টি গরু ছাড়া আমার আর কোন সম্বল নাই। কোন সুহৃদয় ব্যক্তি গরুগুলোর সন্ধান পেয়ে থাকলে বা কোথাও ধরা পড়লে বিশ্বনাথ থানায় যোগাযোগ করলে আমি অসহায় কৃষক উপকৃত হব।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ বলেন, প্রতি রাতে গরু ঘরে চোরের দল হানা দিচ্ছে। তাই আমাদের যাদের গরু আছে, অনেকটা বাধ্য হয়েই নিজ দায়িত্বে রাত জেগে পাহারা দিচ্ছি।
গরু চুরির ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, থানায় গরু চুরির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :