
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে পৌর এলাকার নরশিংপুরস্থ স্কুল হলরুমে ৪০টি পরিবারের মাঝে এক হাজার টাকার খাদ্য সামগ্রী ও নগদ পাঁচশত টাকা করে বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসীরা উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথের প্রবাসীরা তাদের কার্যক্রমে প্রতিনিয়ত আমাদের ঋণী করছেন। তিনি বলেন, প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধীদের নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করছে। একটি স্কুল প্রতিষ্ঠা করে বিনামূল্যে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ঈদে ও সংকটকালীন সময়ে তাদের পরিবারে সহযোগিতা করছে। এই মানবিক কার্যক্রমে প্রবাসীসহ সকলের এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও এনটিভি ইউরোপ প্রতিনিধি নবীন সোহেল, এইট ইউকের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ আজমল খান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ। এসময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহানা বেগম, মনোয়ারা বেগম, সাহাব উদ্দিন আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :