
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গলায় ফাঁস দিয়ে ইমন মিয়া (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। ইমন ওই গ্রামের মৃত আছকর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ইমনদের পৈতৃক নিবাস সুনামগঞ্জের ছাতক উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে বিশ্বনাথের সাড়ইল গ্রামে মামার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। ইমন চাচা সম্পর্কের জনৈক চেরাগ আলীর একটি খালি ঘরে একাই থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার শেষে ইমন তার শোবার ঘরে ঘুমাতে যান। পরদিন বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টা বেজে গেলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে বড়ভাই সুমন মিয়া ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখেন যে, ইমন গলায় কাপড় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমনের লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :