বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগ নেতা আব্দুন নুর গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগ নেতা আব্দুন নুর গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর (মেম্বার)’কে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার ভোলাগঞ্জ গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুন নুর উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের মৃত আঃ মুতলিবের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলী নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথিমধ্যে পুরাণ বাজার এলাকাস্থ বাসিয়া সেতুর মুখে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার (আমজদ) মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। এসময় আমজদ আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনায় আমজদ আলী বাদী হয়ে ২১ আগস্ট ২০২৪ সালে ১০৮ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২। গ্রেপ্তারকৃত আব্দুন নুর (মেম্বার) এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন।
বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুরকে শুক্রবার রাতে ভোলাগঞ্জ গ্রামস্থ নিজ বাড়ি থেকে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনর্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের আওতায় গতকাল রাতে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে (৩ জানুয়ারি) শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।