নানান আয়োজনে বিশ্বনাথে মহান বিজয় দিবস পালন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন /
নানান আয়োজনে বিশ্বনাথে মহান বিজয় দিবস পালন

দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবসের সূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান-ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবস পালনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি কার্যালয়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস, অফিসার্স ক্লাব, বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, বিয়াম ল্যাবরোটরি স্কুল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, পিএফজি বিশ্বনাথ’সহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। এসময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ১১.৪০ মিনিটের দিকে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয় ও ১২টার দিকে কিশোরী-কিশোরীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সুবিধামতো সময়ে ‘শহীদ মুক্তিযোদ্ধাদের আতœার মাগফেরাত/শান্তি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি-সমৃদ্ধি-অগ্রগতি কামনা করে’ সকল মসজিদ-মন্দির’সহ সকল উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক সংগঠন, দপ্তরের উদ্যোগে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।