সিলেট-২ আসনে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন /
সিলেট-২ আসনে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা

সিলেট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়ার পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

প্রচারণার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াসপত্নী লুনা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর মার্কা এই ধানের শীষ।”

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন সকল ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।” এজন্য তিনি এ আসনের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

তাহসিনা রুশদী লুনা এ সময় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নামার কথা উল্লেখ করে বলেন, “আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন। আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।”

তিনি সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলীর দেওয়া অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “এম. ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন, আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে এটাই আমার অঙ্গীকার।”

প্রচারণার সূচনালগ্নে লুনার সঙ্গে জেলা বিএনপি ও বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাহসিনা রুশদী লুনা মনোনয়ন পাওয়ার পর থেকেই সিলেট-২ আসনে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।