
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী কামিনীগঞ্জ বাজার (লামাবাজার) কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণে আজ বিলুপ্তির পথে। অর্ধশতাব্দীর পুরনো এই বাজারটি এখন তার নিজস্ব অবস্থান ছেড়ে ছড়িয়ে পড়েছে সড়কের দুপাশে।
জানা গেছে, জুড়ী পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক ও নিউ মার্কেট পর্যন্ত সড়ক ও জনপদের জায়গাজুড়ে বসছে ভ্রাম্যমাণ দোকানপাট। এতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব, আর সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
কামিনীগঞ্জ বাজারে সরকার নির্মিত ৫-৭টি সেড থাকলেও সেখানে এখন কোনো ব্যবসায়ী নেই বললেই চলে। সপ্তাহে মাত্র দুই দিন—সোম ও বৃহস্পতিবার—হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী বাজারে বসছেন।
অন্যদিকে শত শত ব্যবসায়ী সড়কের পাশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে দুর্ঘটনা।
জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সড়কের পাশে ব্যবসা হওয়ায় প্রতিদিন স্কুলে যাওয়া-আসায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলেন, “সরকার বিপুল টাকা ব্যয় করে বাজারের জন্য সেড নির্মাণ করেছে, অথচ কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য রাস্তার পাশে ব্যবসা চালাতে সহায়তা করছেন।
জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন মহল ব্যবসায়ীদের পুরোনো বাজারে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে। বাজার সরিয়ে নিলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে।
এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর বলেন, “ব্যবসায়ীদের কামিনীগঞ্জ বাজারে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের মাধ্যমে কামিনীগঞ্জ বাজারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জুড়ীবাসী।
আপনার মতামত লিখুন :