যুক্তরাজ্য বিএনপির দুই নেতারবহিস্কারাদেশ প্রত্যাহার


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন /
যুক্তরাজ্য বিএনপির দুই নেতারবহিস্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা সেবুল মিয়া এবং যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের সাবেক নেতা মুমিন খান মুন্না’র বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে সিলেট জেলার বহিস্কৃত আরও ১৭ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরমধ্যে বিশ্বনাথ উপজেলার ১২ নেতা-নেত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা সেবুল মিয়া, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের সাবেক নেতা মুমিন খান মুন্নাকে বহিস্কার করা হয়েছিলো। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। সেবুল মিয়া বিগত শেখ হাসিনা সরকারের আমলে দলের নির্দেশ না মেনে উপজেলা চেয়ারম্যান পদে ও মুমিন খান মুন্না পৌরসভা মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরকে বহিস্কার করা হয়েছিলো।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেবুল মিয়া বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আগামীতে দলের জন্য নিজেকে বিলিয়ে দিব। এসময় তিনি দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও দলের প্রতি কৃতজ্ঞতা জানান যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের সাবেক নেতা মুমিন খান মুন্না। তিনি বলেন, দলের সাথে আছি, ছিলাম, আজীবন থাকবো।
এদিকে, সিলেটের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া ১৭ নেতা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক বিএনপি নেত্রী মোছা: মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানী নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মোঃ আরব খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব গৌছ খান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ গয়াছ মিয়া। এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামানকে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।