বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: দেলোয়ার হোসেন সুমনের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সৃষ্টির পর থেকে এই প্রথমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তাও ডা: দেলোয়ার হোসেন সুমনের নিজ উপজেলায়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় আড়াই বছর পূর্বে আ.লীগ সরকারের আমলে ডা: দেলোয়ার হোসেন সুমন নিজ উপজেলা বিশ্বনাথে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহন করেন। কিন্তু তিনি এই উপজেলায় দায়িত্ব পাওয়ার পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। এছাড়াও সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। তার আমিত্ব আচরণের কারণে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার থাকতে চান না। ফলে দীর্ঘদিন ধরে মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ডাঃ দেলোয়ার হোসেন সুমনকে অনতিবিলম্বে অপসারণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুচিকিৎসা ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী।
এর পূর্বে গত ১ অক্টোবর তার অপসারণ চেয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লুটপাটের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। আর এই প্রতিবাদের চার দিনেও তার অপসারণ না হওয়ায় ফের সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৩টার সময় উপজেলা সদরের বাসিয়া সেতুর উপরে ওই মানববন্ধন করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ বশির আহমদের সভাপতিত্বে ও শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাষ্টার একেএম হেকিম উদ্দিন, ব্যবসায়ী আনিসুজ্জামান খান, মোশারফ হোসেন, মাষ্টার বাবুল কান্তি দাস মেঘল, মুরব্বি সুন্দর আলী, কাওসার আহমদ তুলাই, ছামির আলী, রাজুল খান ও আলিম উদ্দিন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, ‘আমি যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এর কারনে অনেকের স্বার্থে আঘাত লেগেছে তাই আমার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হচ্ছে। সুস্পষ্ট কোন অভিযোগ থাকলে তারা প্রমাণসহ জনসম্মূখে উপস্থাপন করতে পারেন’।