বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান অভিযানে দালালকে অর্থ’সহ কারাদন্ড


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান অভিযানে দালালকে অর্থ’সহ কারাদন্ড

মানুষকে সেবা দেওয়ার পরিবর্তে নিজেই রোগী হয়ে যাওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এক অভিযোগের প্রেক্ষিতে আকস্মিকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। অভিযানে এক দালালকে অর্থ ও কারাদন্ড এবং স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফকে সতর্কতামূলক অর্থদন্ড ও আরেক স্টাফকে কঠোরভাবে সর্তক করেন ইউএনও।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে ‘রোগীদের সরকারি সেবা নিতে বাঁধাগ্রস্থ করায়’ তানভির হোসেন (২৭) নামের এক দালালকে দন্ডবিধি ১৯৬০ এর ১৮৬ ধারায় ৫শত টাকা অর্থদন্ড ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ইউএনও। দন্ডপ্রাপ্ত তানভির উপজেলার দেওকলস ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

এছাড়া ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারে বিভিন্ন অসংগতি পাওয়ায় উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত তসির উদ্দিনের পুত্র ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ আলী আমজদকে সতর্কতামূলক অর্থদন্ড হিসেবে ২শত টাকা জরিমানা এবং আরেক স্টাফ আলেয়া বেগমকে কঠোরভাবে সর্তক করেন ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী ও ইউএনও সুনন্দা রায়। তাছাড়া এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ থানার এসআই বাবুল সিঃহ’সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি, ডাক্তার না থাকা, ডাক্তারের পরিবর্তে নার্স-ওয়ার্ড বয় দিয়ে সেবা প্রদান, স্বাস্থ্য সেবা প্রদানে নানান অনিয়ম, ঔষধ মানুষকে না দিয়ে ওই এলাকার কয়েকটি বাড়ি থেকে সেগুলো বিক্রি করা, ভালো কোম্পানীর ঔষধগুলো স্টোর রুমে রেখে কমিশনের (উৎকোচ) কোম্পানীর ঔষধ বিতরণ বা মেয়াদ উত্তীর্ণ করে পুড়িয়ে ফেলা, জনবল সংকটে সেবা প্রদানে ঘাটতি ও এ্যাম্বুলেন্স সার্ভিস না পাওয়া’সহ এলাকাবাসীর নানান অভিযোগ রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর তাই আজকের ওই অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার জোরদাবী জানিয়েন।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষ যাতে কোন প্রকারের হয়ারাণী ছাড়াই নিজের প্রাপ্য স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারেন। সেজন্য জনগণের সেবায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।