
সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট পৌর শহরের পুরাণ বাজার এলাকায় জামায়াত নেতা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী আমজদ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমজদ আলী বাদী হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ১২ (তাং ২১.০৮.২৪ইং)।
সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছাড়াও মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট’সহ ১০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলী নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথিমধ্যে পুরাণ বাজার এলাকাস্থ বাসিয়া সেতুর মুখে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার (আমজদ) মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। এসময় আমজদ আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আপনার মতামত লিখুন :