
সিলেটের বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল নির্মানে ১০ হাজার পাউন্ড করে অনুদান দেয়া দুই পেট্রন ফাউন্ডারকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। দুজনই পৌর এলাকার ৮নং ওয়ার্ডের জানাইয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার ও ক্রিসেন্ট ওভারসীজ বার্ণিল ইউকের ম্যানিজিং ডিরেক্টর শহিদুল ইসলাম সেলিম। শুক্রবার (২৮ জুন) ওয়ান পাউন্ড হসপিটালের সামনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পাশাপাশি ১ হাজার পাউন্ড করে অনুদান দেয়া আরও দুই ফাউন্ডার মেম্বারকেও সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন, শেখ আবুল বাশারের সহোদর যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজাম উদ্দিন ও মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাবিল আলী। তাদেরকে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এসময় তারা হসপিটালের কাজ ঘুরে দেখেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে শেখ আবুল বাশার বলেন, বিশ্বনাথে গরীবদের সাহায্যার্থে বেসরকারী উদ্যোগে একটা হাসপাতাল নির্মান প্রয়োজন ছিল। এ স্বপ্ন এখন বাস্তবে রুপ নিচ্ছে। তাই সকলকেই দলমত নির্বিশেষে এই হাসপাতাল বাস্তবায়নে এগিয়ে আসা খুবই প্রয়োজন।
আরেক সংবর্ধিত অতিথি শহিদুল ইসলাম সেলিম বলেন, বিশ^নাথে হাসপাতাল নির্মাণ একটি মহতি উদ্যোগ। এ হাসপাতাল শুধু বিশ্বনাথবাসীর জন্য নয় সিলেটসহ পুরো বাংলাদেশের গরীব মানুষরা এর সুবিধা ভোগ করতে পারবে। তাই দেশ ও প্রবাসের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে উপকৃত হবে বিশ্বনাথ তথা সিলেটের মানুষজন।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুনের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। এসময় তিনি বলেন, হতদরিদ্র, অসহায় মানুষের চিকিৎসা সেবায় বিশ^নাথের জনসাধারণের ভরসাস্থল হবে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল। হসপিটাল নির্মাণে সাহায্যের হাত প্রসারিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে দেশ-বিদেশের সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি। আরও বক্তব্য রাখেন, রাজনীতিবীদ নুরুল হক মেম্বার, হসপিটালের কো-অর্ডিনেটর আসাদুজামান নূর আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, হসপিটালের কন্টাকশন কাজের প্রকৌশল মেহেদী হাসান, হসপিটালের কো-অর্ডিনেটর রুমেল আলী, মাওলানা শাহজাহান, যুবনেতা লিলু মিয়া, ফ্রান্স প্রবাসী রাজু মিয়া, সংগঠক আব্দুর নুর তুষারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ডা. শানুর আলী মামুন জানান, ইতিমধ্যে এই হসপিটালের জন্য ২৩৫জন ১ হাজার পাউন্ড করে অনুদান দিয়ে ফাউন্ডার মেম্বার হয়েছেন। আরও প্রতিশ্রুতি দিয়েন ২০০জন প্রবাসী। আর ১০ হাজার পাউন্ড করে অনুদান দিয়ে পেট্রন ফাউন্ডার হয়েছেন ৬জন। প্রতিশ্রুতি দিয়েছেন আরও ৭জন। তবে, ৫ শতাধিক ফাউন্ডার মেম্বার ও ৪০জন পেট্রন ফাউন্ডার মেম্বার করা আমাদের টার্গেট। এক মাসের মধ্যে ১ম তলার ছাদ ঢালাই কাজ শেষ হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :