নারী শিক্ষা প্রসারে লালাবাজারে মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজের যাত্রা শুরু


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন /
নারী শিক্ষা প্রসারে লালাবাজারে মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজের যাত্রা শুরু

আধুনিক শিক্ষা ব্যবস্থার মান নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে নারী শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের সূচনা হলো মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজের অভিষেকের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে লালাবাজারে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে এ কলেজের যাত্রা শুরু হয়। যার লক্ষ্য স্থানীয় ও আশেপাশের এলাকার মেয়েদের জন্য একটি নিরাপদ, উন্নত ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ তৈরি করার প্রত্যয় নিয়ে প্রয়াত শিক্ষাবীদ মাস্টার ইব্রাহিম আলীর নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন তার ছেলে প্রবাসী আমিনুর রহমান আকরাম।
কলেজের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্যান্টনমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল শিক্ষাবীদ কর্ণেল আলী আহমদ। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারই সমাজ ও দেশের উন্নয়নের মূল ভিত্তি। তাই শিক্ষার এই সুযোগ নারীদের সামনে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের বার্তাবাহক হয়ে উঠবে বলে মনে করেন তিনি।
মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজের গর্ভনিং বডির সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান জগলুর সভাপতিত্বে এবং কলেজের প্রিন্সিপাল মো. মানিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মো. আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান অলি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, শিক্ষানুরাগী কামরুজ্জামান সেলিম, হযরত আলী (রা.) একাডেমীর সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, কলেজের গর্ভনিং বডির সদস্য জুবায়ের আহমদ লিটন, আমির আলী, ইউপি সদস্য শামীম আহমদ, প্রতিষ্ঠা পরিবারের সদস্য এনামুর রহমান এনাম ও জাইমা আকরাম।
মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার সকল আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। সীমিত আসন সংখ্যা নিয়ে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান দায়িত্বশীলরা।