
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট-২ আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বীকারী ৫ সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচনি প্রতীক প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা নিজে এবং প্রতিনিধিদের মাধ্যমে নিজ নিজ প্রতীক বুঝে নেন।
সিলেট-২ আসনে প্রতীক পেলেন যারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), গণফোরামের মনোনীত প্রার্থী মুজিবুল হক (উদীয়মান সূর্য), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আমির উদ্দিন (হাতপাখা)।
এদিকে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। সভায় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকেই প্রার্থীরা তাঁদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
আপনার মতামত লিখুন :