
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ২০টি গরু প্রদান করা হয়েছে।
জানা গেছে, ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিশ্বনাথ উপজেলায় ১০টি এবং ওসমানীনগর উপজেলায় ১০টি গরু জবাই করে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করা হবে। এর মধ্যে বিশ্বনাথ পৌরসভায় ২টি, লামাকাজি ইউনিয়নে ১টি, রামপাশা ইউনিয়নে ২টি, অলংকারী ইউনিয়নে ১টি, দশঘর ইউনিয়নে ১টি, দেওকলস ইউনিয়নে ১টি, দৌলতপুর ইউনিয়নে ১টি এবং খাজাঞ্চি ইউনিয়নে ১টি করে গরুর মাংস বিতরণ করা হবে। এছাড়া ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও একইভাবে ১০টি গরুর মাংস বণ্টন করা হবে।
বুধবার সন্ধ্যায় হুমায়ুন কবিরের একটি প্রতিনিধি দল বিশ্বনাথে এসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের (প্রতিনিধিদের) হাতে ১০টি গরু হস্তান্তর করেন। আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্বনাথ উপজেলার বিভিন্নস্থানে হুমায়ুন কবিরের প্রতিনিধিরা সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করবেন। এছাড়া হুমায়ুন কবিরের উদ্যোগে কোরবানী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০টি গরুর মাংস ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে| ওসমানীনগর উপজেলার ১০টি গরু ইতিমধ্যে স্থানীয় প্রতিনিধিদের হাতে পৌঁছে গেছে বলে জানাগেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার এপিএস শামীম আহমদ চৌধুরী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপদেষ্টা হুমায়ুন কবিরের উদ্যোগে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় ২০টি গরু দেওয়া হয়েছে| এই গরুর মাংসগুলো সম্পূর্ণ নিরেট অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, যাতে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
আপনার মতামত লিখুন :