
ডেস্ক নিউজ: সিলেটের বিশ্বনাথে ষষ্ট উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। সোমবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন।
এরমধ্যে বিএনপি নেতা আপন দুই চাচাতো ভাই মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার বিকেলে তিন পদে ২০ জনের মনোনয়ন দেয়ার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিার্টানিং অফিসার স্বর্ণালী চক্রবর্তি।
জানা যায়, বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন, পৌরসভা আ.লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী এআর চেরাগ আলী, আ.লীগ ঘরানার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম।
বিএনপি নেতারা হচ্ছেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিস্কৃত বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান ও তার চাচাতো ভাই যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির ২জনসহ মোট ৬জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্র্থ সারথী দাশ পাপ্পু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার ও আল- ইসলাহ সমর্থিত প্রার্থী ইসলাম উদ্দিন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ বিএনপির ৩জন। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন ও উপজেলা প্রবীণ আওয়ামী লীগ নেতা নোয়াব আলীর সহধর্র্মিনী করিমা বেগম।
তফসিল ঘোষণার পর থেকেই এসকল চেয়ারম্যান প্রার্থীরা বিলবোর্ড, পোষ্টার, ব্যানার ও লিফলেট বিতরনের মাধ্যমে মাঠে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে অনলাইনে মনোনয়ন জমা হওয়ায় নির্বাচনকে ঘিরে জনসাধারনের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যায়নি। আবার দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও সকল প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৮হাজার ৩৭। এরমধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬ ও নারী ভোটার ৯১হাজার ৩১জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪টি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট গ্রহন ৮মে।
আপনার মতামত লিখুন :