
সিলেটের বিশ্বনাথে মাকের্টের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ আহমদ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের ধন বিবি সুপারমার্কেটের ছাদে এই দুর্ঘটনা ঘটে। সোহাগ আজিজনগর গ্রামের হারিছ আলীর ছেলে এবং দারুল হিকমাহ ইসলামিক একাডেমির ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সোহাগ আরও দুই শিশুকে সাথে নিয়ে খেলতে গিয়ে ধন বিবি সুপারমার্কেটের ছাদে ওঠে। এসময় একটি লোহার রড দিয়ে খেলা করার সময় মার্কেটের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন সঞ্চালন লাইনের সাথে রডটি লেগে যায়। এতে সোহাগ মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বিশ্বনাথ পৌরশহরের একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনায় সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই শহিদুল ইসলাম বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :