
সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হলো ৫ ইউনিয়নের নির্বাচন। এরমধ্যে উপজেলার রামপাশা ইউনিয়নের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুন:গণনার আবেদন জানোলেন বিএনপির বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ। সোমবার রাতে ভোট ফলাফল ঘোষণার পর ফলাফল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় তিনি বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডেরই ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ১ ও ২নং ওয়ার্ডের ফলাফল দিতে বিলম্ব করা হয়। এর মধ্যে আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) ও আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) এই দুই সেন্টারের ফলাফল ভোট জালিয়াতি করে তিন ঘন্টা পর দেয়া হয়। তিনি জানান, ৭ সেন্টারে আমার বিজয় নিশ্চিত দেখে আমতৈলের ঘোড়া ও আনারস প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট সমন্বয় করে আমাকে ভোটে হারানো হয়। এমনকি আমার দেয়া এজেন্টদের সাথেও তারা আতাঁত করে নেন। তিনি বলেন, এই দুই সেন্টারে আনারস ও ঘোড়া প্রতীকের ভোট পুন:গণনা করলেই আসল তথ্য বেরিয়ে আসবে এবং আমার বিজয় নিশ্চিত হবে। তিনি পুন:গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাবেন। এখানে কোন প্রতিকার না পেলে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।
উল্লেখ্য, সোমবার রামপাশা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন ‘আনারস’ প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা বশির আহমদ ‘চশমা’ প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট পান। ভোটের ব্যবধান ১০৬। আর আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান ‘ঘোড়া’ ৩ হাজার ৪৫৬ ভোট।
আপনার মতামত লিখুন :