বিশ্বনাথে এনসিপি’র সমন্বয় কমিটিথেকে তিনজনের পদত্যাগ


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন /
বিশ্বনাথে এনসিপি’র সমন্বয় কমিটিথেকে তিনজনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন হওয়ার দুইদিনের মাথায় এক যুগ্ম সমন্বয়কারীসহ তিনজন পদত্যাগ করেছেন। তারা হলেন- যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য ধনঞ্জয় বৈদ্য ও শাহেদ আহম্মেদ। রোববার (১৩ জুলাই) রাতে তাদের ব্যবহৃত ফেসবুকে পদত্যাগের পোস্ট দেন রুহুল আমিন ও শাহেদ আহম্মেদ। সোমবার (১৪ জুলাই) দুপুরে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন সদস্য ধণঞ্জয় বৈদ্য।
জানাগেছে, গত শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিস্ট কমিটি অনুমোদন পায়। কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমিটির সদস্যদের নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর রোববার রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন। তিনি ফেসবুক পোস্টে লেখেন ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই। আমি ঐ যুগ্ন-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম। বিনীত রুহুল আমিন।’ এরপর কিছুক্ষণ পর পদত্যাগের একই পোস্ট দেন সদস্য শাহেদ আহম্মেদ। পাশাপাশি সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন সদস্য ধণঞ্জয় বৈদ্য।
এরআগে শনিবার (১২ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ১৭ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন- উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ডা. সুলেমান খান, যুগ্ম সমন্বয়কারী এম খলিলুল্লাহ, রুহুল আমিন, জামাল খান। সদস্য কালা মিয়া, ধনঞ্জয় বৈদ্য, খাইরুল ইসলাম, শোয়েব মিয়া, রেজাউল ইসলাম ফাহিম, শাহেদ আহম্মেদ, আবু তাহের, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, মোহাম্মদ হিরণ মিয়া, এজাজ আলী জাবেদ, মিজানুর রহমান, আশিকুর রহমান।