
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের অন্যতম বিদ্যাপীঠ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লেচু মিয়া বলেন, ‘সমাজ উন্নয়নের জন্য উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উপযোগী করে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের অতিরিক্ত জ্ঞান অর্জন করতে হবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, ইংরেজি প্রভাষক ও পরীক্ষা নিয়ন্ত্রক নাসির উদ্দিন, প্রাইমারী শাখার প্রধান সুহেল মিয়া এবং সহকারী শিক্ষক রাজিয়া বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাহমুদুল হাসান জাকির, আহমদ আলী আনছার, আফজাল হোসাইন, তপন কুমার পাল, ফেরদৌস আহমদ, সোহান আহমদ ফারুক, কদরুল ইসলাম, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, রফিক মিয়া, রুজেল আহমদ, মাকসুদা, সুলতানা বেগম, তাছলিমা বেগম, আকলিমা বেগম, সোনিয়া বেগম, রুজি আক্তার, সুপ্তা রানী পাল, পারভেজ আহমদ, হোসাইন আহমদ, আনন্দ মালাকার, মেহেদী হাসান ও আনাছ আহমেদ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জিয়াউর রহমান, জাহিদ হাসান বাপ্পি, রুমেন আহমদ এবং সন্ধানী মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্র মোঃ আমির হামজা এবং না’তে রাসূল পরিবেশন করে শিক্ষার্থী মারিয়া চৌধুরী।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। মেধা বিকাশে উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষ বিশেষ বৃত্তির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, পঞ্চম শ্রেণীতে এ প্লাস পেয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে পড়ালেখা সম্পূর্ণ ফ্রি। এছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৭৫% এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫০% ফ্রিতে লেখাপড়া করার সুযোগ দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :