বিশ্বনাথের টেংরা – অলংকারি রাস্তা পাকাকরণে অনিয়ম


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন /
বিশ্বনাথের টেংরা – অলংকারি রাস্তা পাকাকরণে অনিয়ম

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

বহুল প্রত্যাশিত বিশ্বনাথের টেংরা থেকে অলংকারি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের কাঁচা রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীর সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তাটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি পাকা করণের ট্রেন্ডার পায় গত বছর।

রাস্তাটি পাকাকরণে ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্মমানের কংক্রিট (ইটের খোয়া) নদীর থেকে তোলা ভিট বালু ব্যবহার, নিয়মতান্ত্রিক ভাবে কাজ না করা সহ একাধিক অনিয়ম এনে ২৫ জানুয়ারী বিষয়টি এলাকার সচেতন মহল ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন মৌখিকভাবে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ এর নজরে আনেন। এসময় তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ২৬ জানুয়ারী রবিবার উপজেলা প্রকৌশল দপ্তরের দুইজন কর্মকর্তা প্রকৌশলী রুহিদুল ইসলাম, প্রকৌশলী অনুক কুমার প্রমানিক সরজমিন পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিম্মমানের ইট,বালু ব্যবহার না করতে বারণ করেন। এর প্রেক্ষিতে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজে থাকা শ্রমিকগণ নতুন করে ভাল ইট-বালু দিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নিম্মমানের কাজের ব্যাপারে জানতে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাহসিন এন্টারপ্রাইজের মালিকের সাথে যোগাযোগ করলে তিনি বর্তমানে ওমরা পালনে প্রবাসে থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে নিম্মমানের কাজ করতে না পারে সেই তদারকি অব্যাহত রাখব।