বিএনপি উন্নয়নের রাজনীতি করে: ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন /
বিএনপি উন্নয়নের রাজনীতি করে: ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির আমলে দলমত নির্বিশেষে মানুষের জন্য উন্নয়ন করা হয়েছে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট-২ আসনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে এবং জনপ্রতিনিধিদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। তিনি উল্লেখ করেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১-দফায় আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা বিদেশে গিয়েও মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। তবে ৫ আগস্টের পরে বিএনপি কাউকেই মামলা দিয়ে হয়রানী করেনি বলে তিনি দাবি করেন। ইলিয়াসপত্নী বলেন, এম. ইলিয়াস আলী এমপি থাকাকালীন সময়ে এ আসনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল, যা পরবর্তী ১৭ বছরে আর দেখা যায়নি। তিনি আক্ষেপ করে বলেন, ইলিয়াস আলীর করা রাস্তাগুলো গত ১৭ বছরে সংস্কার পর্যন্তও হয়নি। তবে ভাঙা রাস্তাগুলোর তালিকা পাঠানোর কথা জানিয়ে লুনা বলেন, ইতোমধ্যে ওসমানীনগরের ৪টি জনগুরুত্বপূর্ণ রাস্তা ও বিশ্বনাথ-জগন্নাথপুর রাস্তা সহ বিশ্বনাথ উপজেলার ৬টি রাস্তার অনুমোদন হয়েছে। বাকিগুলোরও অনুমোদন হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
শুরুতে কোরআন তেলোয়াত করেন আফিজ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য মো. তানভীর হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন রাহিন, বিভিন্ন ইউনিয়নের সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ, নুর মিয়া, শামিম আহমদ ও সোনাবান বিবি। সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।