‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আরিফকে গ্রেপ্তার করলো পুলিশ


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন /
‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আরিফকে গ্রেপ্তার করলো পুলিশ

সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব (৫৫) কে’ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি উপজেলার  দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রফাত উল্লাহ’র পুত্র। তাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।   
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার লিখিত অভিযোগপত্রে ১০৫ জনের নাম উল্লেখ ও আরোও ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত ছিলেন গ্রেপ্তারকৃত দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবকে গ্রেফতার করা হয়েছে।