জুড়ীতে মার্কেট কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন /
জুড়ীতে মার্কেট কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিউ মার্কেটের এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ওই কেয়ারটেকার উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুস সালাম (৫০)। দীর্ঘদিন থেকে তিনি জুড়ী নিউ মার্কেটে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছান। কর্মস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মার্কেটের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফ্যানের সাথে সালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজার প্রদীপ দাস মার্কেটের মালিকদের ঘটনা জানান। খবর পেয়ে মার্কেটের মালিক এম এ  মুজিব মাহবুব ও তার বড় ভাই  জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক ঘটনাস্থলে ছুটে আসেন। জুড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

স্বামীর মৃত্যুর খবর পেয়ে  আব্দুস সালামের স্ত্রী   বানু বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন। বানু বেগম জানান,তার স্বামী  সকালে খাওয়া দাওয়া শেষ  করে বাড়ি থেকে হাসিমুখে বিদায় নিয়ে  কর্মস্থলে যান। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর পান। এ মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

আব্দুস সালামের ছেলে শরিফ আহমদ  বলেন, সকালে বাবার হাসি মাখা মুখটা দেখেছি। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। যদি কেউ আমার বাবাকে হত্যা করে থাকে আমি ন্যায় বিচার   চাই। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে  প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে  প্রেরণ করা হয়েছে।