কুলাউড়ার কর্মধা থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৩, ৪:২২ অপরাহ্ন /
কুলাউড়ার কর্মধা থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পলায়ন করা ১৭ জনই জঙ্গি। তাদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন বলে জানা গেছে।

সোমবার সকালে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ।

তিনি জানান, সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

চেয়ারম্যান জানান, ‘পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা সন্দেহ করছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম এলে প্রেস ব্রিফিং করা হবে।’

উল্লেখ্য, ১২ আগস্ট কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে ১০ জন জঙ্গিকে আটক করে সিটিটির একটি টিম। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ছিল। এদের মধ্যে ৩টি শিশুও ছিলো।