
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আ.লীগ সরকারের প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা কোটি কোটি টাকা লুটপাট করে তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমরা (বিএনপি) এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭টি বছর লড়াই করে দেশের মাটিতেই ঠিকে আছি।
তিনি মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মরহুম আলতাফুর রহমান মাস্টারের বাড়িতে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন উদ্যোগে ইউনিয়নের ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লুনা আরোও বলেন, জনতার নেতা এম. ইলিয়াস আলী দীর্ঘ ১২ বছরেরও বেশী সময় ধরে নিখোঁজ রয়েছেন। ভাবছিলাম আ.লীগ সরকার বিদায় হলে এম. ইলিয়াস আলীর সন্ধান জানতে পারবো। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার নির্বাচন’সহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে টালবাহানা শুরু করেছে। তাদের অনেক উপদেস্টা বলছেন নির্বাচনের জন্য নাকি এই আন্দোলন হয় নাই। তাহলে কিসের জন্য এই আন্দোলন, আর বিপ্লব হয়েছে তিনি প্রশ্ন তুলেন? উপদেষ্টারা বলছেন সংস্কার করে নির্বাচন দেবেন। সংস্কারতো এক দু’দিনের বিষয় নয়। সংস্কার দেশের প্রতিটি সেক্টরে করতে হবে। উনারা তাদের প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। পরবর্তী সংস্কার নির্বাচিত সরকার এসে করবেন, এটাই আমরা বিশ্বাস ও প্রত্যাশা করি। আর ইলিয়াস আলীর বিষয়ে আমরা গুম কমিশনে অভিযোগ দাখিল করেছি। এর পরিপ্রেক্ষিতে তারা দু’একজনকে হয়তো গ্রেফতারও করেছে। কিন্তু গ্রেফতারকৃতদের কাছ থেকে জনতার নেতা এম. ইলিয়াস আলী গুমের কোনো তথ্য এখনও বের করতে পারেনি সরকার। সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আশাকরি অচিরেই এদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে খোঁজে বের করে জনসম্মুখে এনে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বর্তমান সরাকরের কাছে তিনি এই প্রত্যাশা রাখেন।
উপজেলা বিএনপির সহ সভাপতি নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদ গুলজার খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিএনপি নেতা তখদ্দুছ আলী ও হিফজুর রহমান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :