বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুরের মতবিনিময়


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন /
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুরের মতবিনিময়

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের বিশ্বনাথ সরকারি কলেজ রোডের একটি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতবিনিময়কালে শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘদিন প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে আমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছি। মহান আল্লাহর অশেষ রহমতে আমার সন্তানরাও আজ স্ব-স্ব অবস্থানে সুপ্রতিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে আমার নতুন করে চাওয়া-পাওয়ার কিছু নেই। জীবনের এই পর্যায়ে এসে আমি বিশ্বনাথের মানুষের জন্য কিছু করতে চাই। আর এই যাত্রায় সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিজেকে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একজন একনিষ্ঠ কর্মী দাবি করে তিনি আরও বলেন, “সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী এই এলাকায় যে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন, উনার পর আর কেউ তেমন উন্নয়ন করতে পারেননি। উনার একজন আদর্শিক কর্মী হিসেবে আমি আবারও বিশ্বনাথকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। ইতিমধ্যে আমি উনার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কথা বলেছি। আমি শতভাগ আশাবাদী যে, দল আমাকেই মনোনয়ন প্রদান করবে।”

নিজের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে তিনি দৌলতপুর ইউনিয়নের পুরাণ হাবড়া বাজারে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন এবং যুক্তরাজ্যেও মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জায়গা কিনেছেন।

তিনি আরোও বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তবে প্রতিটি প্রকল্পে সরকারি বরাদ্দের শতভাগ টাকা কাজের ক্ষেত্রে ব্যয় হবে। এর শতভাগ নিশ্চয়তা আমি দিচ্ছি। প্রয়োজনে ভালো কাজের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি আমি নিজের তহবিল থেকেও অর্থ ব্যয় করতে দ্বিধা করব না।”

মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া শেখ মুজিবুর রহমান চৌধুরীর আত্মীয় আব্দুর রুপ ও মো. শফিক উপস্থিত ছিলেন।