
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’।
রবিবার (১০ মে) বিকেল ৩টায় বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে র্যালিটি বিশ্বনাথ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। এসময় ৫টি গাড়ি জব্দ করা হয়। এদিকে র্যালি চলাকালে ৩টা মোটরসাইকেল, ২টা পিকাপ, ৩টা সিএনজিচালিত অটোরিকশা ও একটি কারসহ ৯টা গাড়ীর উপর অনলাইনে ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়।
র্যালিতে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর ও থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। র্যালি চলাকালীন পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওসি গাজী মাহবুবুর রহমান আরও বলেন, “পুলিশ সপ্তাহ কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় ও আত্মিক করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা জনগণের সেবক হিসেবে সর্বদা পাশে থাকতে চাই। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে পুলিশের এই জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুলিশ সপ্তাহ উপলক্ষে পুরো উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবা সহজতর করার লক্ষ্যে বিভিন্ন প্রচারণাও চালানো হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :