বিশ্বনাথে তালা ভেঙ্গে মসজিদ -মাজারের দানবক্স চুরি


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
বিশ্বনাথে তালা ভেঙ্গে মসজিদ -মাজারের দানবক্স চুরি

একই রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের একই এলাকার পৃথক দুটি স্থানে তালা ভেঙ্গে মসজিদ ও মাজারের দানবক্স চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে সংঘটিত এসব চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া জামে মসজিদের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ মসজিদের দুটি দানবাক্স এবং একই ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ ওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছরম উদ্দিন আউলিয়ার মাজারের দানবাক্সের চেইনের তালা ভেঙ্গে দানবাক্স লুঠ করে নিয়ে গেছে চোরের দল। এসময় চোরের দলের সদস্যরা মসজিদের হুজরার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমামের ব্যবহৃত মালামাল এলোমেলো করে গেছে। সরুয়ালা ননকীপাড়া গ্রামের বাসিন্দা অলি আহমদ স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত গভীর রাত আনুমানিক ৩টার দিকে মসজিদের প্রধান ফটকের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মসজিদের দুটি দানবাক্স চুরি করে নিয়ে গেছে। পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা নুরুজ আলী বলেন, ফজরের নামাজ পড়ে মাজারের বৈদ্যুতিক লাইটের সুইচ বন্ধ করতে গিয়ে দেখি মাজারের দানবাক্সের চেইন কেটে দানবাক্সটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে দাবী করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে এবং এর পাশাপাশি এলাকায় পুলিশী টহল জোরদার করা হবে।