বিশ্বনাথে এক বছরের ব্যবধানে একই তারিখে সোনাপুর বিদ্যালয়ে আবারও চুরি: এলাকায় চাঞ্চল্য


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন /
বিশ্বনাথে এক বছরের ব্যবধানে একই তারিখে সোনাপুর বিদ্যালয়ে আবারও চুরি: এলাকায় চাঞ্চল্য

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে সিসিটিভি ক্যামেরা, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। চাঞ্চল্যকর বিষয় হলো, ঠিক এক বছর আগে একই তারিখে (২৮ এপ্রিল) এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। একই তারিখে দুইবার চুরির ঘটনায় এলাকায় ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, মঙ্গলবার বিকেল স্কুল ছুটি হওয়ার পর শিক্ষকরা বাড়িতে চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা। চোরেরা ভেতরে প্রবেশ করে সরকারিভাবে বরাদ্দকৃত ১টি মনিটর, ১টি ল্যাপটপ, ৩টি সিসি ক্যামেরা, ১টি রাউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি দাস বলেন, গত বছরও ঠিক এই ২৮ এপ্রিল তারিখেই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। বছরের ব্যবধানে একই তারিখে পুনরায় চুরির ঘটনায় তারা হতভম্ব। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুবকেও অবগত করা হয়েছে।
বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন চুরির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি এবং স্কুলে গিয়ে সরজমিন দেখে এসেছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।