বিশ্বনাথ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী এম আর আজিজ


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১:৩২ অপরাহ্ন /
বিশ্বনাথ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী এম আর আজিজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এম আর আজিজ।

এম আর আজিজ বর্তমানে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্ক-এর সাধারণ সম্পাদক এবং টরন্টো বাংলা পাড়া ক্লাব কানাডার প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক একজন সক্রিয় নেতা হিসেবেও সুপরিচিত।

এক শুভেচ্ছা বার্তায় এম আর আজিজ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমাদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’

ঈদের শুভেচ্ছার পাশাপাশি এম আর আজিজ বিশ্বনাথ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাটের টেকসই উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, নাগরিক সেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন এবং যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে কাজ করব। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে আমি কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করব।’ আগামী পৌর নির্বাচনে তিনি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এম আর আজিজ দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। গত কয়েক বছরে করোনা অতিমারি ও ভয়াবহ বন্যার সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনের সহযোগিতায় নিজ ওয়ার্ড ও এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ বিতরণসহ বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে তার মানবিক ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।

বার্তার শেষে এম আর আজিজ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।