নকিখালী দশপাইকা সড়কের বেহাল দশা: সংস্কারের দাবী


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন /
নকিখালী দশপাইকা সড়কের বেহাল দশা: সংস্কারের দাবী

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নকিখালী হতে জগদিশপুর, চানপুর উজাজুড়ি রাস্তা দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচ ঢালাই উঠে যত্রতত্র গর্তের ফলে এ সড়ক দিয়ে গর্ববতী, বয়স্ক রোগী, সিএনজি পরিবহণ ও মালবাহী পরিবহণ নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

এ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। ওই সব গর্তের উপর দিয়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটছে অহরহ।

উপজেলার জনগুরুত্বপূর্ণ এ রাস্তা সরেজমিন ঘুরে দেখা গেছে, নকিখালি হইতে ইলামেরগাও, পুরানগাও, আনপুর, দশপাইকা, জগদিশপুর, চানপুর, মীরগাও, মৌলভীগাও, উজাজুড়ি রাস্তার প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তে বেহাল অবস্থা।

সড়কটি কোথাও কোথাও দুই-তিন ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে যায় বৃষ্টি এলেই। পানি ও কাদামাখা সড়ক দিয়েই শত শত যানবাহনসহ এলাকার মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছেন জীবনের তাগিদে।

সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।

অটোরিকশাচালক জালাল জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিনই শত শত মানুষ উপজেলা সদরে আসেন। কর্মস্থলে চরম ভোগান্তির মধ্য দিয়ে সবাই যাতায়াত করেন। বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন পরিচালনা করা খুব কষ্টদায়ক। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ি নিয়ে । এ সড়কটির দ্রুত সংস্কার করার দাবি জানান তিনি।

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এর নিকট এলাকাবাসীর অনেকেই দাবী জানিয়েছেন, যাতে এই রাস্তাটি দ্রুত সময়ে মধ্যে সংস্কার করে এলাকাবাসীর যাতায়াতে অসুবিধা দুর করে দেন।