
ফাইজারের টিকার মেয়াদোত্তীর্ণ হওয়ার সময় তিন মাস বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির অনুমোদন ও পরামর্শেই তারা এটা করেছে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দেশের কোথাও মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেওয়া হচ্ছে না।
দেশে ১২ বছরের বেশি বয়সীদের এখন ফাইজারের টিকা দেওয়া চলছে। এই টিকার ভায়ালে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা আছে ৩০ নভেম্বর ২০২২। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকা ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ব্যবহার করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে পাওয়া কাগজপত্রে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তাদের তৈরি করোনার টিকার মেয়াদোত্তীর্ণের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছিল। তাতে তারা বলেছিল, তৈরির ১২ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা এমন টিকা ১৫ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। আবার তৈরির ৯ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা এমন টিকা ১২ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং করোনা টিকার সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স বিষয়টি সদস্যদেশগুলোকে অবহিত করে।
আপনার মতামত লিখুন :