
আওয়ামী লীগের পদপ্রত্যাশীদের উৎকণ্ঠার শেষ হচ্ছে আগামীকাল শনিবার। সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনা বেশি হলেও অন্য পদপ্রত্যাশী নেতারা বসে নেই। এর মধ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতারা আগামী কমিটিতেও টিকে থাকতে যেমন চেষ্টা করছেন, কমিটির বাইরে থাকা নেতারাও জোর চেষ্টায় আছেন কোনো না কোনো পদ পাওয়ার জন্য।
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বসছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী পর্বের পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন বসবে। এর আগে দেখা গেছে, সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বেশির ভাগ পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। ৮১ সদস্যের কমিটির কিছু কিছু পদ পরে পূরণ করা হয়।
আওয়ামী লীগের সূত্র বলছে, দলের একটি অংশ চায়, বর্তমান কমিটিতে বড় পরিবর্তন না হোক। কারণ হিসেবে তাঁরা বিরোধীদের আন্দোলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ সামনে আনছেন। অন্য পক্ষ বলছে, সাধারণ সম্পাদকসহ দৈনন্দিন সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নেতারা দীর্ঘদিন একই পদে আছেন। পরিবর্তন এলে দলীয় কর্মকাণ্ডে নতুন চিন্তাভাবনা যোগ হবে। অবশ্য তাঁরা প্রকাশ্যে পরিবর্তনের বিষয়ে কথা বলছেন না।
আপনার মতামত লিখুন :