বিশ্বনাথে অবৈধ ইটভাটা চালুর কোন সুযোগ দেয়া হবে না


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন /
বিশ্বনাথে অবৈধ ইটভাটা চালুর কোন সুযোগ দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথে পৌর এলাকায় অবৈধ কোন ইটভাটা থাকবে না। যেসব ইটভাটা আছে, অবৈধভাবে চলছে সেগুলোও বন্ধ করা হবে। বিশেষ করে আইন অমান্য করে কালিগঞ্জে আল ফালাহ ইটভাটা চলমান আছে তা পরিবেশবাদীরা বন্ধ করে দিয়েছে। অবৈধভাবে চলা সেই ইটভাটা চালুর আর কোন সুযোগ দেয়া হবে না। সংবাদ সম্মেলন করে একথা জানালেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বুধবার বেলা ২টায় পৌরসভার সালিশকেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মেয়র মুহিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (২০১৩ সনের ৫১নং আইন) বাস্তবায়নের লক্ষে এবং পৌরসভার পরিবেশ দূষণ ও জনস্বার্থের জন্য চরম ক্ষতিকর দিক বিবেচনায় আন্ত:জেলা মহাসড়কের পাশে একাধিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বাজার ও আবাসিক স্থাপনার মধ্যবর্তী স্থানে পাশাপাশি স্থাপিত দুইটি ইটভাটা সরকারী নির্দেশনা মোতাবেক ১কি.মি দূরে স্থানান্তরের জন্য পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসে তিনটি নোটিশ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে একটি ইটভাটা বন্ধ হলেও আল ফালাহ ব্রিক ফিল্ড চালু রয়েছে। বরং গত রোববার দিবাগত রাত ২টারদিকে ভাটায় আগুন দিয়ে ইট পুড়াতে চাইলে মালিক পক্ষকে বাধা দেন সচেতন নাগিরক মহল ও পরিবেশবাদীরা। এ নিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজন কাউন্সিলর উপস্থিত হয়ে ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, এ ঘটনা নিয়ে কয়েকটি পত্রিকায় রিপোর্ট হয়। সেখানে মালিকের বক্তব্যে সাবেক অধ্যক্ষ সিরাজুল হক চারজন কাউন্সিলের নাম উল্লেখ করে চাদাবাজ আখ্যায়িত করেন। এমনকি বাধা দেয়া পরিবেশবাদীদেরও তিনি চাঁদাবাজ বলেন। এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মেয়র। পাশাপাশি এ বক্তব্য প্রত্যাহার করে জনসম্মূখে ক্ষমা চাওয়ার আহবান জানান। এছাড়া অচিরেই তার এই ইটভাটা বন্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন মেয়র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মুহিবুর রহমান বাচ্চু, বারাম উদ্দিন, রাজুক মিয়া রাজ্জাক, নারী কাউন্সিলর রাসনা বেগম, লাকি বেগম, সাবিনা ইয়াসমিন, পরিবেশকর্মি ফজল খান প্রমূখ।