বিশ্বনাথে ১৩ মামলার আসামি ডাকাত সর্দার রাজু গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন /
বিশ্বনাথে ১৩ মামলার আসামি ডাকাত সর্দার রাজু গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ডাকাতি ও হত্যাসহ ১৩টি মামলার আসামি মোশাহিদ ওরফে রাজু (৩৬) নামের এক দুর্ধর্ষ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এলাকায় সে ‘ল্যাংড়া রাজু’ নামেও পরিচিত। রবিবার (১৪ জুন) বিকাল ২টায় তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোশাহিদ ওরফে ল্যাংড়া রাজু একজন কুখ্যাত ডাকাত সর্দার। সে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় অবস্থান করে ডাকাতির পরিকল্পনা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও সুনামগঞ্জ থানায় ডাকাতি ও হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ওয়ারেন্ট বা মামলার হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, কুখ্যাত ডাকাত রাজু একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।