
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার একদিন পর বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে| আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়|
নিহত আবিদ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে| সে সিলেটের একটি মাদ্রাসায় পড়াশোনা করত|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি কাটাতে আবিদকে বাড়িতে নিয়ে এসেছিলেন তার বাবা| গতকাল শুক্রবার বিকেলে সে ললিপপ কেনার জন্য বাসিয়া নদীর অপর পাড়ের একটি দোকানে যায়| ললিপপ নিয়ে বাড়ি ফেরার পথে নদীর ওপর থাকা বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে নিখোঁজ হয়| আজ সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং থানা পুলিশকে খবর দেন|
স্থানীয় ইউপি সদস্য সুহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাসিয়া নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়| সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে|
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|
আপনার মতামত লিখুন :