
সিলেটের বিশ্বনাথে মায়ের সাথে বেড়াতে গিয়ে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে ‘তাসনিয়া বেগম’ নামের তিন বছর বয়সী এক শিশুর। রোববার (১৭ মে) সকালের দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তাসনিয়া একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামের (মুন্সিবাড়ি) ব্যবসায়ী আমির উদ্দিনের কন্যা। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সাথে সাতপাড়া গ্রামস্থ নানা বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন শিশু তাসনিয়া। আর রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে যে কোনো এক সময় পরিবারের সবার অগোচরে নানা বাড়ির পাশে পুকুরে পড়ে যান শিশু তাসনিয়া। শিশু তাসনিয়াকে দেখতে না পেরে শুরু হয় খোঁজাখুঁজি। চারিদিকে খোঁজাখুজির পর পুকুর থেকে তাসনিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাসনিয়ার পিতার উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :