বিশ্বনাথে সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্যে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৮:২১ অপরাহ্ন /
বিশ্বনাথে সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্যে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

 সিলেটের বিশ্বনাথে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বারাম উদ্দিনের দখল বাণিজ্যে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পুরান হাবড়া বাজার এলাকায় ‘চরচন্ডি নদীর চরে ও সরকারি ভূমি’তে গড়ে তুলা টিনশেডের ৬টি অবৈধ স্থাপনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দোকান মালিক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বারাম উদ্দিন টাকার বিনিময়ে এসকল স্থাপনা তৈরীর অনুমতি দিয়েছেন। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন উৎসুক জনতা বলেন, ওই অবৈধ স্থাপনা টাকার বিনিময়ে গড়ে উঠার সাথে বারাম উদ্দিনের প্রকাশ করা হয় কিংবা আমি বলেছি জানতে পারে, তাহলে আপনারা চলে যাওয়ার একটু পরেই সে (বারাম) মদপান করে এসে গালমন্দ শুরু করবে। এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া ছয়টি দোকানের মধ্যে ‘চরচন্ডি নদী’র চরে গড়ে উঠা একটি স্থাপনা বা দোকান মালিক পৌর এলাকার ছত্রিশ গ্রামের আব্বাছ আলী বলেন, চরচন্ডি গ্রামের আব্দুল আজিজের কাছ থেকে আমি (আব্বাস) ১৫ হাজার টাকা দিয়ে দোকানটি ক্রয় করেছি। চরচন্ডি নদীর তীরে অসংখ্য স্থায়ী স্থাপনা থাকলেও আজ (বুধবার) শুধুমাত্র আমার দোকানটি উচ্ছেদ করা হয়েছে। আর বাকিগুলো বহাল রয়েছে। এটি গরীবের পেঠে লাথি মারা ছাড়া আর কিছুই নয়। দখল বাণিজ্যের ব্যাপারে জানার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদকালে স্থানীয় হাবড়া বাজারে সাবেক কাউন্সিলর বারাম উদ্দিন’কে খোঁজে পাওয়া যায়নি। এরপর তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। বিশ্বনাথ পৌরসভার হাবড়া বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা স্বীকার করে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি ও নদীর চরে গড়ে ওঠা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে আমরা অভিযোগ পেয়েছি একজন ব্যক্তি টাকার বিনিময়ে ওই অবৈধ স্থাপনা গড়ে উঠায় সহযোগীতা করেছেন।