
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ ভাবনার অংশ হিসেবে সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ক্রীড়াদল। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” – এই স্লোগানকে সামনে রেখে শুধু শখ নয়, বরং ক্রীড়াকে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই নতুন পথচলা শুরু হয়েছে।
সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম রেহানকে আহবায়ক এবং সাবেক ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্নাকে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। গত শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মো. জাহের পারভেজ চৌধুরী এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী গুলজার খান। এছাড়া সাবেক খেলোয়াড় হাসান আলী বাদলকে সদস্য (দপ্তরের দায়িত্বে) হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার তিন জন তরুণ সংগঠক সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তারা হলেন— রাসেল আহমদ, নজরুল ইসলাম ও কাওছার আহমদ বাপ্পি।
কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম নাজ নতুন এই কমিটির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি গঠনের মধ্য দিয়ে সিলেটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফিরে আসবে। আমরা খেলাধুলাকে কেবল মাঠের লড়াই নয়, বরং একটি পেশাদার ও মর্যাদাপূর্ণ জায়গা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
আপনার মতামত লিখুন :