অন্যায়ের প্রতিবাদহীনরা ‘কবরস্থানের মানুষ’, সমাজে তাদের মূল্য নেই-খান মোঃ রেজা-উন নবী


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন /
অন্যায়ের প্রতিবাদহীনরা ‘কবরস্থানের মানুষ’, সমাজে তাদের মূল্য নেই-খান মোঃ রেজা-উন নবী

“অন্যায়ের প্রতিবাদহীন, সহযোগী ও যারা দর্শকের ভূমিকা পালন করেন, তারা মূলত ‘কবরস্থানের মানুষ’। তাদের স্থান কবরস্থানেই হওয়া উচিত। এই সমাজে তাদের কোনো মূল্য নেই।” এমন মন্তব্য করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন নবী।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার মতো ভোট প্রদানও একটি অন্যতম সাংবিধানিক অধিকার। এটি নিরাপদে প্রয়োগের সুযোগ তৈরি করে দেওয়া প্রশাসনের দায়িত্ব। তিনি আক্ষেপ করে বলেন, মানুষকে দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। অন্যের আত্মসম্মান, বাক-স্বাধীনতা ও অধিকার যারা হরণ করে, তারা বাটপার, সন্ত্রাস, রাষ্ট্রদ্রোহী এবং সমাজের নিকৃষ্ট জীব। অন্যায়ের বিরুদ্ধে যারা সোচ্চার নয়, তারা জীবিত থাকলেও মৃত মানুষের সমান।
ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যোগাযোগ ও সমন্বয় ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি কর্মকর্তাদের অত্যন্ত সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও নির্বাচনী উপকরণ ব্যবহার এবং ফলাফল প্রেরণসহ বিভিন্ন কারিগরি বিষয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বিভাগীয় কমিশনার বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল আলম ও শফিকুল ইসলাম।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ লুৎফর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।