
সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্বনাথ উপজেলা দল। রবিবার (১০ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনাকর ফাইনালে সিলেট সিটি কর্পোরেশন বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে বিশ্বনাথ উপজেলা দল।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বনাথের বালিকারা। ম্যাচের প্রথম অর্ধাংশের মাত্র ৮ মিনিটের মাথায় সাথী রানী দাস স্মৃতির চমৎকার একটি গোলে এগিয়ে যায় বিশ্বনাথ। এরপর গোল শোধে মরিয়া হয়ে লড়ে সিলেট সিটি কর্পোরেশন দল। দুই দলের খেলোয়াড়রা একাধিক পাল্টা আক্রমণ চালালেও বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকায় শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বনাথ উপজেলা দল।
উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল ইভেন্টে সিলেট জেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করে। বিশ্বনাথ উপজেলা দল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। তারা প্রথম রাউন্ডে কোম্পানীগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে, কোয়ার্টার ফাইনালে কানাইঘাট উপজেলাকে ২-০ গোলে এবং সেমিফাইনালে বিয়ানীবাজার উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল।
চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা দলের খেলোয়াড়রা হলেন— সাথী রানী দাস স্মৃতি (গোলদাতা), রূপন্তী রানী দাস, ইমা আক্তার জেনিফা, রুবা আক্তার মুন্নি, মারিয়া জান্নাত, টুপুর রাণী দাস, সামিরা বেগম, মাহিয়া আক্তার ফারজানা, মুন্নী আক্তার মরিয়ম, জান্নাতুল ফেরদৌস মাহিয়া, ফাতেমা বেগম তমা, মাহদিয়া জান্নাত নাদিয়া, আমিনা জান্নাত মীম, সাজেদা ছইদ আয়েশা, মারজানা তাবাসসুম, সৈয়দা নাঈমা বেগম ও প্রীতি রানী সুত্রধর।
দলের সাফল্যের নেপথ্যে কারিগর হিসেবে ছিলেন কোচ মোহাম্মদ আলী হোসেন, ম্যানেজার মো. হাসানুজ্জামান মিলন এবং সহকারী ম্যানেজার ওয়াসিম উদ্দিন।
ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলা দলকে উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক দিলোয়ার হোসেন ও আব্দুল কাইয়ুমসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বালিকাদের এই সাফল্যে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বিজয়ীরা মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :