
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী।
এক শুভেচ্ছা বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক মহান বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই এম. আসকির আলী তাঁর বার্তায় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীর দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আসকির আলী বলেন, “সাম্য ও মানবিক মূল্যবোধে গড়া একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ যেন তাঁকে (তারেক রহমান) তৌফিক দান করেন।”
পরিশেষে তিনি বিশ্বনাথ-ওসমানীনগরসহ বৃহত্তর সিলেট ও সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :