
ডেক্স নিউজ: সিলেট-২ আসনের এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন দেয়ার দাবীতে বিশ্বনাথে বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোট।
আগামীকাল বুধবার (১৮অক্টোবর) বিকেল ৩ টায় পৌর শহরের নতুন বাজারের রামপাশা রোডের প্রবাসী চত্বরের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও বিশেষ অথিতি হিসেবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর ফজর আলী। পরিচালনা করবেন সংগঠনের সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
বিশাল এ শ্রমিক সমাবেশকে সুন্দর করতে বাড়তি আয়োজন করা হয়েছে। থাকছে মটর শোভাযাত্রা ও বাদক দল।
এ বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন নিয়ে কথা হলে উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন জানান, বিগত দুইটি সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সভানেত্রীর নির্দেশে শরিক দলকে ছাড় দিয়েছেন সাবেক এমপি শফিক চৌধুরী। এই দুই টার্মে দলীয় এমপি না থাকায় এ আসন উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে। পাশাপাশি দলের কার্যক্রমেও অনেক প্রভাব পড়েছে। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আমরা শফিকুর রহমান চৌধুরীকে দেখতে চাই। আর এই দাবীতেই এ শ্রমিক সমাবেশ।
এদিকে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এ শ্রমিক সমাবেশে সর্বস্তরের জনগনকে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :